চাঁদপুরে অর্ধ কোটি টাকার ভারতীয় কাপড় ও জিরা জব্দ, আটক ১

চাঁদপুরে পুলিশের অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় ২৪ বস্তা চোরাই কাপড় ও ৪৫ বস্তা  জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোন কাগজ না দেখাতে পারায় হাবিব বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড তিন তাল গাছ তলা এলাকায় ঘটনাটি ঘটে।

আটক হাবিব বেপারী লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাশেম বেপারীর ছেলে।

জানা যায়, সিলেট থেকে ঢাকায় না নিয়ে চাঁদপুরে জিরা ও ভারতীয় কাপড় নিয়ে আসে একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। 

অভিযানে পরিত্যক্ত ঘর থেকে ৪৫ বস্তা জিরা ও ভবন থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি জব্দ  করা হয়। 

এ ঘটনায় সুনির্দিষ্ট কোন কাগজ না দেখাতে পারায় হাবিব বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হাবিব অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাড়িতে মজুত করতেন। পরে সুযোগ বুঝে এসব পণ্য ঢাকার কাওরান বাজারে নিয়ে বিক্রি করা হতো। রাতের আঁধারে ভারত থেকে বিভিন্ন কাপড় ও জিরা এনে বাড়িতে মজুত করা হতো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে খবর দেন। জব্দ করা পণ্যের মূল্য প্রায় অর্ধ কোটি টাকারও বেশি। তবে এর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, বেশ কয়েক বস্তা কাপড় ও জিরা জব্দ করা হয়েছে। মালামালের বৈধ কাগজপত্র মালামালের  দিতে পারলে তাকে দেওয়া হবে, না হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
৩১ আগস্ট ২০২৬

Explore More Districts