| ৩১ August ২০২৬ Monday ৫:৪২:৩২ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোরও আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন সকালে শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়।পরে পুলিশ প্রহরায় তাকে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। তার উপস্থিতিতে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিং বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২৪ আগস্ট শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।
এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজধানীর বিভিন্ন থানায় করা একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
