শহিদ জয়, যশোর : যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে যশোর নড়াইল রোডের যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার নজরুলের ছেলে। বর্তমানে তিনি শার্শা তালতলা, বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে,তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

