চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর আফনাস নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দুই ভাই-বোনসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফনাস বাঁশখালী উপজেলার মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে।
নিহতের বড় চাচা হালিমের বরাত দিয়ে জানা যায়, মোহাম্মদ আব্দুস সবুর লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখায় চাকরির সুবাদে স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যাংকের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে যান।
পরে সিএনজি অটোরিকশাযোগে বান্দরবান থেকে লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে সিএনজিতে থাকা পাঁচ বছর বয়সী আফনাস ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) এবং দুই বছর বয়সী ছোট বোন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। আহত মা, বড় ভাই ও ছোট বোন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও মোহাম্মদ আব্দুস সবুর গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে আফনাসের মর্মান্তিক মৃত্যুতে মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

