‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

‎মৌলভীবাজারে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা ও শহর শাখা শিবিরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমাদের বাংলাদেশে অনেক গুলো সংকট আছে, তার মধ্যে একটা বড় সংকট হচ্ছে বাংলাদেশের মেধাবীদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশে মেধাবীদের কিভাবে আটকানো যায় সেই প্রচেষ্টা করা হয়। এইজন্য আমাদেরকে দুই বছর আগে কোটা ব্যবস্থার বিরুদ্ধে একটি আন্দোলন করতে হয়েছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছে, অসংখ্য মানুষকে রাজপথে নামতে হয়েছে। আমাদের মেধাবীদেরকে কিভাবে থামানো যায় সেই চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকারের সময়ও আমরা ভেবেছিলাম এত বড় একটি আন্দোলনের পরে একটা বড় পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখলাম কয়েক দিন আগে একটি মন্ত্রণালয়ে একটি পেপার লিক হলো। এইযে আমাদের বাংলাদেশে বেকারদের একটি সমস্যা আছে, শিক্ষার্থীরা পড়াশোনা করে চাকরি-বাকরি কম, এর মধ্যে যারা নিবন্ধনে স্কুল কলেজ গুলোতে যারা জয়েন করে, তারা সরাসরি জয়েন করতে পারবে না। কিন্তু আমরা সেখানে দেখলাম অনেক ষড়যন্ত্র চলতেছে। তারা বলার চেষ্টা করতেছে, মেধার ভিত্তিতে না, কমিটি ডিসাইড করবে কারা চাকরি পাবে, কারা চাকরি পাবে না।”

‎এ সময় প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী এবং মৌলভীবাজার শহর শিবিরের সাবেক সভাপতি মুরশেদ আহমদ চৌধুরীসহ সাবেক নেতৃবৃন্দ।

‎সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ অর্জনকারী প্রায় ৪০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts