পাঠ্যক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, ২০২৭ সাল থেকে নতুন বই – DesheBideshe



মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট – আগামী শিক্ষাক্রমে পাঠ্যবইয়ের অন্যান্য বিষয়ের মতো খেলাধুলাকেও বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ওপর একটি বিশেষ পাঠ্যবই তৈরি করা হয়েছে যা ২০২৭ সাল থেকে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রদান করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল ও ক্রিকেটসহ নতুন কুঁড়ি স্পোর্টস এর আটটি ইভেন্ট নিয়ে বইটি প্রণয়ন করা হয়েছে। এই বিষয়ে লিখিত পরীক্ষায় ৪০ নম্বর এবং মাঠের পারফরম্যান্সে থাকবে ৬০ নম্বর। শিক্ষার্থীরা এই বিষয়ে নির্ধারিত নম্বর অর্জনে ব্যর্থ হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না।

শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মাদক থেকে দূরে রাখা।

আমিনুল হক আরও উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। দেশের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুন্সিগঞ্জ পৌরসভা ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার মাধ্যম নয় বরং এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তুলে আনতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক দর্শক উক্ত আয়োজনে অংশ নেন।

এনএন/ ২৬ আগস্ট ২০২৬



Explore More Districts