শেরপুরে গবাদি পশুর লাম্পি স্কিন প্রতিরোধে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর







শেরপুর সংবাদদাতা
শেরপুর সদর উপজেলায় গবাদি পশুর ভাইরাস জনিত চর্মরোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে লসমনপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় গবাদি পশু পালনকারী কৃষক ও খামারীরা জানায়, এই টিকা পেয়ে আমাদের খুব উপকার হলো। কারণ প্রতিবছর এ রোগে গরু বাছুর আক্রান্ত হয়। আর বাছুর আক্রান্ত হলে বাঁচানো মুশকিল হয়ে পড়ে। এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ ক্রান্তি এ রোগের লক্ষণ, নিয়ন্ত্রণের নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, ইতিমধ্য বিভিন্ন এলাকায় গবাদি পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা গ্রামে গ্রামে গিয়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুস্থ গবাদিপশুকে গোটপক্স ভ্যাকসিন প্রদান করছি। যেন পরবর্তীতে এই ভাইরাস জনিত রোগ আর না ছড়ায়। পাশাপাশি টিকা বীজ ক্যাম্পেইন, উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ খামারি ও কৃষকদের হতাশা না হওয়ার জন্য পরামর্শ দেন। আমাদের এই কার্যক্রম অব্যহত রয়েছে। তিনি আরও জানান, রোগটি দেখা দিলে গ্রাম্য হাতুড়ে চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অথবা ভেটেরিনারি সার্জনের সাথে যোগযোগ করার জন্য বলা হচ্ছে।


Explore More Districts