কুমিল্লায় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে । শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকার কাটা জঙ্গল এরাকার বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রাতে ওই এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ৬টি মোটরসাইকেলে ৯ জন ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের থামার সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ৯ জনকেই আটক করা হয়। পরে তাঁদের বহন করা মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রেশন দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা সিলেট সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মোটরসাইকেলগুলো বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন নম্বরবিহীন চারটি ইয়ামাহা আর১৫ ও দুটি ইয়ামাহা এমটি১৫ মোটরসাইকেল। এ ঘটনায় ডিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৩ আগস্ট ২০২৬

Explore More Districts