যশোরে ভুয়া সিআইডি পরিচয়ে টাকা দাবি, আশরাফুল ল্যাবরেটরির পরিচালকের জিডি

যশোরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ভয় দেখিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে যশোর কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

জিডি সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালী থানার চাঁচড়া ডাল মিল এলাকায় সরকারি রেজিস্ট্রার অনুমোদিত আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ‘আশরাফুল ল্যাবরেটরী’র পরিচালক হাকীম আশরাফুল ইসলাম লিটনের ইমো নম্বরে গত ১৮ মার্চ ২০২৬ দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে কলার আইডিতে ‘বাংলাদেশ সিআইডি’ লেখা ছিল।

ফোনটি রিসিভ করলে অপরপ্রান্তের ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন। তিনি দাবি করেন, এক নারী আশরাফুল ল্যাবরেটরির ওষুধের বিরুদ্ধে সিআইডিতে অভিযোগ করেছেন। ওই অভিযোগ থেকে অব্যাহতি পেতে হলে দ্রুত বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে বলে জানান তিনি।

টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে সুনাম ক্ষুণ্ন করা এবং বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ সময় টাকা পাঠানোর জন্য ০১৯২১-৪৯৬০৪০ নম্বরের একটি বিকাশ নম্বর দেওয়া হয়।

বিষয়টি প্রতারণার চেষ্টা বুঝতে পেরে টাকা না দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন হাকীম আশরাফুল ইসলাম লিটন। পরে নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে তিনি যশোর কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী হাকীম আশরাফুল ইসলাম লিটন বলেন, “প্রতারক চক্রটি ভুয়া পরিচয় ব্যবহার করে আমার কাছে টাকা দাবি করেছে এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। বিষয়টি বুঝতে পেরে আমি কোনো টাকা না দিয়ে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিয়েছি।”

Explore More Districts