যশোর সদর হাসপাতালে মেয়েকে দেখতে এসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে জীবন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার স্বর্ণের চেইন ও রুলি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে যশোর সদর হাসপাতালের করো নারী কেয়ার ইউনিটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জীবন নেছা যশোরের চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকা মেয়ে আমেনাকে দেখতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাকে ভুলিয়ে-ভালিয়ে ওই ইউনিটের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও রুলি নিয়ে পালিয়ে যায়।
পরে অচেতন অবস্থায় জীবন নেছাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

