আসিয়ান কাপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ভারতের নাম প্রত্যাহার – DesheBideshe



ঢাকা, ১৪ আগস্ট – আসিয়ান অঞ্চলে ফিফার অর্থায়নে আয়োজিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে লাল সবুজের প্রতিনিধিদের সামনে এই সুযোগ তৈরি হয়েছে।

আজ বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী দলগুলো আর্থিক অনুদান পাবে। এছাড়া দলগুলোর যাতায়াত ও আবাসনসহ যাবতীয় খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে পক্ষ থেকে বাড়তি কোনো খরচের প্রয়োজন হবে না।

জাতীয় দল কমিটির একাধিক সদস্য বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে আসিয়ান কাপে বাংলাদেশের খেলার কোনো প্রাথমিক আমন্ত্রণ ছিল না। ভারত আগে থেকেই এই আসরে অন্তর্ভুক্ত থাকলেও ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচে মনোযোগ দেওয়ার কারণে তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। অন্যদিকে অন্য একটি দল নাম প্রত্যাহার করায় পাকিস্তানও এই আসরে খেলার সুযোগ পেয়েছে।

দক্ষিণ এশিয় দেশগুলো সুযোগ পেলেও শুরুতে বাংলাদেশের নাম না থাকায় ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল।

আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ নিজেদের মাঠে একটি টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল। একই সময়ে কিরগিজস্তান থেকেও একটি আমন্ত্রণ ছিল বাফুফের কাছে। এই দ্বিমুখী পরিস্থিতিতে বাফুফে কিছুটা দোদুল্যমান অবস্থায় থাকলেও আসিয়ান কাপের আমন্ত্রণ পাওয়ায় সেই সংকট এখন কেটে গেছে বলে মনে করা হচ্ছে।

ভারত না থাকায় টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬



Explore More Districts