যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ ও ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি মালামাল আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
আটক ব্যক্তি হলেন মো. সোহেল (৩৮)। তিনি শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

