গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ১০ দিনেও গ্রেপ্তার হয়নি, থানার সামনে মানববন্ধন

১২ August ২০২৬ Wednesday ১০:৩৫:২১ PM

Print this E-mail this


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে মডেল থানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও গিয়াসউদ্দিন মিয়া। এ সময় প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলার ১০ দিন পার হলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া দুঃখজনক ও উদ্বেগের বিষয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় প্রধান আসামিসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

প্রসঙ্গত, ২ আগস্ট বিকেলে গৌরনদীর পুরোনো নাহার সিনেমা হল মোড়ে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। জুলফিকারের অভিযোগ, তাঁর ভাগনের গ্যারেজের মেকানিককে মারধর করার বিষয়ে জানতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ ঘটনার দিনই মাসুম হাওলাদারকে প্রধান আসামি, তাঁর ছেলে ইয়াসিন, ভাই রাসেল, সবুজ হাওলাদার, রিয়াজ উকিলসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন জুলফিকার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts