যবিপ্রবিতে কিশোরীদের অণুপুষ্টির ঘাটতি নিয়ে সেমিনার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশের কিশোরীদের অণুপুষ্টির ঘাটতি, এর প্রভাব, প্রতিকার ও নীতিগত করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এবং যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. ফারুক আহমেদ। তিনি বাংলাদেশের কিশোরীদের ভিটামিন ও খনিজসহ প্রয়োজনীয় অণুপুষ্টির ঘাটতি, এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এবং তা মোকাবিলায় কার্যকর নীতি ও বাস্তবমুখী পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, সীমিত সম্পদের মধ্যেও আন্তর্জাতিক মানের গবেষণা সম্ভব—ড. ফারুক আহমেদ তা প্রমাণ করেছেন। গবেষণার ফলাফল শুধু প্রকাশনায় সীমাবদ্ধ না রেখে দেশের মানুষের কল্যাণে এবং সরকারের নীতি নির্ধারণে কাজে লাগাতে হবে। এ জন্য আন্তর্জাতিক গবেষণা যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দেশের বৃহৎ নারী জনগোষ্ঠীর পুষ্টিহীনতা দূর করতে গবেষণালব্ধ তথ্য ও সুপারিশ সরকারের নীতি নির্ধারণে কাজে লাগানো জরুরি।

সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দীন মনির।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা।

Explore More Districts