১৭ বছরের অপেক্ষার অবসান লাশ হয়ে, আউট সোর্সিং থেকে স্থায়ী চাকরির দুশ্চিন্তায় প্রাণ গেল নির্বাচন অফিসকর্মীর

১৭ বছরের অপেক্ষার অবসান লাশ হয়ে, আউট সোর্সিং থেকে স্থায়ী চাকরির দুশ্চিন্তায় প্রাণ গেল নির্বাচন অফিসকর্মীর

৮ August ২০২৬ Saturday ৭:২৬:০০ PM

Print this E-mail this


১৭ বছরের অপেক্ষার অবসান লাশ হয়ে, আউট সোর্সিং থেকে স্থায়ী চাকরির দুশ্চিন্তায় প্রাণ গেল নির্বাচন অফিসকর্মীর

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

প্রায় ১৭ বছর ধরে আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করেও স্থায়ী নিয়োগের অপেক্ষায় ছিলেন সাগর হালদার (৩৭)। অবশেষে স্থায়ীকরণ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও প্রত্যাশামাফিক পরীক্ষা না হওয়ায় তিনি চরম মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়েন। পরিবারের দাবি, সেই মানসিক চাপের মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগর হালদার পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকার বাসিন্দা মনিন্দ্র নাথ হালদারের ছেলে। তিনি ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই অনুষ্ঠিত স্থায়ীকরণ পরীক্ষায় অংশ নেন সাগর হালদার। তবে পরীক্ষা আশানুরূপ না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। পরিবারের ভাষ্য, চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হওয়ার আশঙ্কা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

এরই মধ্যে ২৮ জুলাই অফিসে কর্মরত অবস্থায় তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হলে সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

সাগরের স্ত্রী লক্ষ্মী মালো বলেন, “১৭ বছর একই পদে কাজ করার পরও চাকরি স্থায়ী না হওয়ার শঙ্কা ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে তিনি সব সময় দুশ্চিন্তায় থাকতেন। স্থায়ীকরণ পরীক্ষার পর সেই দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।”

মৃত্যুকালে সাগর হালদার স্ত্রী এবং মাত্র দুই বছর দুই মাস বয়সী দুই জমজ কন্যাসন্তান রেখে গেছেন। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই এতিম হয়ে পড়া দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

দীর্ঘদিনের সহকর্মীর এমন অকাল মৃত্যুতে ভান্ডারিয়া ও কাউখালী উপজেলা নির্বাচন অফিসে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অনেকেই বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের পরও আউটসোর্সিং কর্মীদের চাকরির অনিশ্চয়তা তাদের মানসিক চাপের মধ্যে রাখে। সাগর হালদারের মৃত্যু সেই বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

তবে সাগর হালদারের ব্রেন স্ট্রোক ও মৃত্যুর সঙ্গে চাকরির দুশ্চিন্তার সরাসরি সম্পর্ক চিকিৎসাগতভাবে নিশ্চিত হয়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts