কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট আগে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন-“ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন, আজ অসম্ভব সুন্দর…”। প্রাণবন্ত সেই অনুভূতির পোস্টটি মুহূর্তেই যেন পরিণত হয় জীবনের শেষ বার্তায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পেকুয়া পৌরসভার থানা রোডের বাইম্যাখালী বড় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হাসান জয় পেকুয়া পৌরসভার পূর্ব গোঁয়াখালী এলাকার বদিউল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ২টার দিকে ইন্টারনেট সংযোগের কাজ করতে ঘটনাস্থলে যান জয়। কাজের একপর্যায়ে ইন্টারনেটের তার টানতে গিয়ে একটি গাছের ডাল পাশ দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিমুখে কর্মস্থলে যাওয়া তরুণ জয় আর জীবিত হয়ে ঘরে ফেরেননি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্টটি ঘিরেও চলছে আবেগঘন প্রতিক্রিয়া। অনেকেই লিখছেন, কে জানত ‘আজ অসম্ভব সুন্দর’ লিখে যাওয়া সেই তরুণের জন্যই দিনটির শেষ বিকেলটি হয়ে উঠবে জীবনের শেষ বিকেল।



