রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা
জেলা প্রতিনিধি,
রংপুর।
সড়ক দুর্ঘটনায় হারিয়ে যাওয়া মানুষকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রংপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ১ কোটি ৩ লাখ টাকার অনুদানের চেক।
সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ রংপুর সার্কেলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এসময় রংপুর জেলার বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড মোট ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। সেই সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার এবং রংপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
