চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম এবং পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন দুটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদ আক্তার। সোমবার ৩ আগস্ট সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মান,বিভিন্ন রেজিস্টার, আর্থিক ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। পরে তিনি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন দুটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রকল্পের কাজের গুণগত মান ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিজানুর রহমান বলেন, জনগণের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। বিভাগীয় পর্যায়ের এ ধরনের পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সহায়তা করবে। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জাহেদ হোসেন,বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুবুল আহসান, হিসাব সহকারী শ্রী সুজন সূত্রধর এবং ইউপি সদস্য মো.মানিক মিয়া, মো.আবুল বাশার, মো.দুলাল, মো.মাছুম বিল্লাহ, নারগিছ আক্তার ও মাহমুদা আক্তার।
শরীফুল ইসলাম
৩ আগস্ট ২০২৬
এ জি

