চুক্তির শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প – DesheBideshe

চুক্তির শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প – DesheBideshe



চুক্তির শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প – DesheBideshe

তেহরান, ২ আগস্ট – দ্রুত একটি শান্তিচুক্তি সম্পাদনের শর্তে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি চুক্তিতে সম্মত না হয়, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও এএফপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যে, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে তিনি এই আক্রমণ স্থগিত রাখতে সম্মত হয়েছেন। বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্যই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করছে।

সম্ভাব্য এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো। এই প্রতিশ্রুতি ও পরিকল্পনায় ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐক্যবদ্ধ বলে মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।

এর আগে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল যে, চলতি সপ্তাহান্তেই ইরানের জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থানগুলোতে বড় ধরনের যৌথ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্ভাব্য এই হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছিল এবং পাল্টা হামলার আশঙ্কায় তেল আবিবসহ প্রধান শহরগুলোতে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছিল।

যদিও বর্তমান ঘোষণায় উত্তেজনার পারদ কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি যেকোনো মুহূর্তে মোড় নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।

এনএন/ ২ আগস্ট ২০২৬



Explore More Districts