| ৩১ July ২০২৬ Friday ১২:৫৮:৩৪ PM | |
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও আড্ডা থেকে বিরত থাকার আহ্বান এবং বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন করতে দিনব্যাপী মাইকিং করেছে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
মাইকিংয়ে জানানো হয়, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পর, বিশেষ করে মাগরিবের নামাজের পর, অহেতুক বাইরে ঘোরাফেরা বা আড্ডা না দিয়ে বাড়িতে অবস্থান করে পড়াশোনায় মনোযোগ দেবে।
এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কিশোরদের কাছে বিড়ি, সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে দোকান বা জনসমাগমস্থলে অবস্থান কিংবা আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা শিশুদের খাল, বিল, ডোবা, পুকুর ও গভীর পানির আশপাশে একা যেতে না দেন এবং সবসময় তাদের ওপর নিবিড় নজর রাখেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

