দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

৩০ July ২০২৬ Thursday ৯:২৪:২৩ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

বরিশালে দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি পরিশোধ ও কাজের নিরাপত্তাসহ আট দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকেরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে কয়েকশ শ্রমিক আন্দোলন শুরু করেন। পরে পুলিশ তাঁদের সড়কের এক পাশে সরিয়ে দিলে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়কের একপাশে আন্দোলনকারীদের কর্মসূচি চলছিল। 

শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে বেতন দিচ্ছে না ফরচুন সুজ লিমিটেড। নিয়মিত ওভারটাইম করানো হলেও সেই কাজের মজুরি পরিশোধ করা হচ্ছে না। বকেয়া বেতন ও অন্যান্য পাওনার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানালে উল্টো হয়রানি ও নানান চাপের মুখে পড়তে হয়। এমনকি অধিকার আদায়ের জন্য কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলে চাকরিচ্যুত করা হয়। তাই বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তাঁরা জানিয়েছেন। 

জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার বলেন, ফরচুন সুজ লিমিটেডে শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দ্রুত তাঁদের দাবি মেনে নিয়ে সংকটের সমাধান করতে হবে। নাহয় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে। 

এদিকে দীর্ঘ সময়ের অবরোধে নগরীর অন্যতম ব্যস্ত নতুন বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। ধীর গতির কারণে অনেক যানবাহন সড়কে আটকে পড়ে। 

বিষয়টি নিয়ে ফরচুন সুজ লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সড়কের এক দিকে অবস্থান নিতে বলা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts