দক্ষিণ কোরিয়ায় পড়তে গিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে পালানোর অভিযোগে যশোরে মামলা

দক্ষিণ কোরিয়ায় পড়তে গিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে পালানোর অভিযোগে যশোরে মামলা

দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পাঠানোর পর বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ করে পালিয়ে যাওয়ার অভিযোগে এক শিক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত উই কেয়ার এডুকেশন-এর অপারেশন ম্যানেজার বিল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন ঝিকরগাছা উপজেলার নন্দী ডুমুরিয়া গ্রামের তপু রায়হান (২৭) ও তার মা শাহিনুর বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাহমীদ আকাশ।

মামলার অভিযোগে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সাংসিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তপু রায়হানকে ভর্তি করিয়ে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে পাঠানো হয়। বিদেশে যাওয়ার আগে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেন যে, কোর্স শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ক্লাস করবেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শর্ত ভঙ্গ করবেন না এবং অন্য কোথাও কাজে যোগ দেবেন না।

অভিযোগে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন মাস অধ্যয়নের পর গত ১৭ জুন তপু রায়হান হঠাৎ বিশ্ববিদ্যালয় ত্যাগ করে অন্যত্র কাজে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উই কেয়ার এডুকেশন-এর চুক্তিও ঝুঁকির মুখে পড়ে।

বিষয়টি জানার পর উই কেয়ার এডুকেশন কর্তৃপক্ষ শিক্ষার্থীর মা শাহিনুর বেগমকে অফিসে ডাকেন। গত ২৪ জুলাই তিনি সেখানে উপস্থিত হয়ে সাক্ষীদের সামনে লিখিত অঙ্গীকার করেন যে, তার ছেলে পুনরায় সাংসিন বিশ্ববিদ্যালয়ে ফিরে নিয়মিত ক্লাসে অংশ নেবেন। তবে নির্ধারিত সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

Explore More Districts