মিসরের বন্দরে যুক্তরাষ্ট্রের গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

মিসরের বন্দরে যুক্তরাষ্ট্রের গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

মিসরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণকারী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বন্দরে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করা হয়েছে। তবে সেখানে কোনো ড্রোন হামলার উল্লেখ করা হয়নি। এমনকি এ অগ্নিকাণ্ডের কোনো কারণও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

অন্যদিকে বন্দর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনচকেপ এক বার্তায় জানিয়েছে, দামিয়েত্তা বন্দরে দুটি গ্যাস ট্যাংকারে আগুন লেগেছে।

ঘটনার সঙ্গে পরিচিত তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোনটি ‘এনারগোস উইন্টার’ নামের একটি ভাসমান সংরক্ষণ ট্যাংকারে আঘাত করে। এর ফলে সৃষ্ট আগুন পাশে থাকা ‘গ্যাসলগ সালেম’ নামের আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে। পাশাপাশি দুটি ভিন্ন নিরাপত্তা সূত্রও জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে এ বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে ড্রোন হামলাকেই দায়ী করা হচ্ছে।

Explore More Districts