রাঙ্গুনিয়ায় গভীর রাতে পাহাড় কেটে মাটি পাচার, ২ ট্রাক জব্দ – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়ায় গভীর রাতে পাহাড় কেটে মাটি পাচার, ২ ট্রাক জব্দ – দৈনিক আজাদী





রাঙ্গুনিয়া উপজেলায় গভীর রাতে পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় পৃথক অভিযানে দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মুহাম্মদপুর এবং পার্শ্ববর্তী পারুয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে এলাকার বিভিন্ন পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। গত মঙ্গলবার গভীর রাতে মুহাম্মদপুর এলাকায় ৩৪টি ট্রাকে করে পাহাড়ের মাটি নিয়ে যাওয়ার সময় খবর পায় বন বিভাগ। পরে স্থানীয় বন বিভাগের রেঞ্জার ও রাঙ্গুনিয়া মডেল থানার টহল পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। খবর পেয়ে মাটি পাচারকারীরা একটি ট্রাক ফেলে পালিয়ে যায় এবং পুলিশ একটি ট্রাক জব্দ করে।

একইভাবে গতকাল বুধবার দুপুরে উপজেলার পারুয়া ইউনিয়নেও অভিযানে আরও একটি মাটিবোঝাই ট্রাক জব্দ করা হয়। এ সময় পুলিশ ও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বাকি ট্রাকগুলো নিয়ে দ্রুত কেটে পড়ে পাচারকারীরা।

এ বিষয়ে স্থানীয়রা জানান, মুহাম্মদপুর ও পারুয়া গ্রামের বিভিন্ন পাহাড় থেকে প্রকাশ্যে মাটি কাটা হচ্ছিল। বর্তমানে স্থানীয় সংসদ সদস্যের কঠোর হস্তক্ষেপে দিনের বেলায় বালু ও পাহাড় কাটা বন্ধ রয়েছে। ফলে মাটি কারবারিরা নতুন কৌশল হিসেবে গভীর রাতকে বেছে নিয়েছে।

পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইছামতী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, পাহাড় কাটা একটি গুরুতর অপরাধ। পাহাড় কাটা ও অবৈধ মাটি পাচারের তথ্য পেলেই আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাড়ি জব্দ করছি। এই অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। জব্দকৃত ট্রাকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।




Explore More Districts