| ২৫ July ২০২৬ Saturday ৮:২২:১৯ PM | |
অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহকারী (সুপারভাইজার) নিয়োগের এমসিকিউ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ছেলে রায়হান তালুকদার আকাশ তালুকদারের উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টার দিকে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীর অভিযোগ, পরীক্ষা চলাকালে আকাশ তালুকদার মোবাইল হাতে প্রায় ৩০ মিনিট পরীক্ষাকেন্দ্রের ভেতরে অবস্থান করেন। তাদের দাবি, একজন বহিরাগত হিসেবে পরীক্ষার হলে তার উপস্থিতি এবং মোবাইল বহন করা সরকারি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
পরীক্ষার্থী জসিম উদ্দীন অন্তু বলেন, ‘পরীক্ষার হলে বহিরাগত ব্যক্তির উপস্থিতি আমাদের হতবাক করেছে। এর ওপর মোবাইল ফোন হাতে আকাশ তালুকদার প্রায় পুরো সময় পরীক্ষার হলে ছিলেন, যা পরীক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ পরীক্ষার হলের বাইরে থেকে ভিডিও ধারণ করেছেন। এতে পরীক্ষার্থীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।’
আরেক পরীক্ষার্থী জাফর ইকবাল বলেন, ‘পরীক্ষার হলে প্রভাব খাটিয়ে বহিরাগত কারও মোবাইল ফোন হাতে অবস্থান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা পুরো সময় তাঁকে মোবাইল ফোন হাতে দেখেছি।’
পরীক্ষার্থী মো. মহিউদ্দীন বলেন, ‘সরকারি একটি নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা দুঃখজনক। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’
অভিযোগের বিষয়ে আকাশ তালুকদার বলেন, ‘পরীক্ষার সময় আমি হলে উপস্থিত ছিলাম। তবে বেশিক্ষণ থাকিনি। অল্প সময় ছিলাম।’
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ‘অবৈধভাবে কারও পরীক্ষার হলে থাকার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যদি সিসিটিভি ফুটেজে তাঁর উপস্থিতির সত্যতা পাওয়া যায়, তাহলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরীক্ষার্থীদের দাবি, সরকারি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

