২০২৭ অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণা: প্রথমবারের মতো সাউদাম্পটনে টেস্ট – DesheBideshe

২০২৭ অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণা: প্রথমবারের মতো সাউদাম্পটনে টেস্ট – DesheBideshe



২০২৭ অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণা: প্রথমবারের মতো সাউদাম্পটনে টেস্ট – DesheBideshe

লন্ডন, ২৪ জুলাই – আগামী ২০২৭ সালের অ্যাশেজ সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী এই সিরিজের লড়াই শুরু হবে ১৮ জুন ট্রেন্ট ব্রিজে। সূচি অনুযায়ী এবারই প্রথমবারের মতো ছেলেদের অ্যাশেজ টেস্টের আসর বসবে সাউদাম্পটনের রোজ বোলে।

গতবারের সফলতার ধারাবাহিকতায় এবারও ছেলে ও মেয়েদের অ্যাশেজ সিরিজ একযোগে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছেলেদের সিরিজের সূচনার পর ২৪ জুন হেডিংলিতে একমাত্র টেস্টের মাধ্যমে শুরু হবে মেয়েদের লড়াই।

এর আগে ২০২৩ সালে দুই বিভাগের সিরিজ ড্র হলেও গতবারের বিজয়ী হিসেবে শিরোপা নিজেদের দখলে রেখেছিল অস্ট্রেলিয়া। ট্রেন্ট ব্রিজে দীর্ঘ ১২ বছর পর ফিরছে অ্যাশেজ টেস্ট। সিরিজের বাকি চারটি ম্যাচ যথাক্রমে লর্ডস, এজবাস্টন, রোজ বোল এবং কিয়া ওভালে অনুষ্ঠিত হবে।

মূল লড়াইয়ের আগে সফরকারী অস্ট্রেলিয়া ৭ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ঘরের মাঠে গত সিরিজে ১-৪ ব্যবধানে পরাজিত হওয়ার পর এবার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ইংলিশ বাহিনী।

তবে অ্যাশেজের ঠিক আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আইপিএলের ব্যস্ততার কারণে অনেক তারকা ক্রিকেটারকে না পাওয়ার শঙ্কা রয়েছে।

এস এম/ ২৪ জুলাই ২০২৬



Explore More Districts