যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ভৈরব নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ভাঙ্গাগেট ভৈরব সেতুর পাশে পরশ মিলের পেছনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিটির মৃত্যু তিন থেকে চার দিন আগে হয়েছে। জোয়ারের পানিতে অন্য কোনো স্থান থেকে মরদেহটি ভেসে এসে থাকতে পারে। মরদেহটি ফুলে গেলেও শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নওয়াপাড়া নৌ পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



