| ২৪ July ২০২৬ Friday ১২:১৩:৪১ PM | |
বরগুনা প্রতিনিধি:

২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২২ জুলাই ২০২৬ তারিখে স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে, সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরে বিভাগীয় মামলাটি রুজু করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনী হাসপাতালে যোগদানের পর থেকেই তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম সুযোগ পেলেই কোনো কারণ ছাড়াই তাকে নিজের অফিস কক্ষে ডাকতেন। এছাড়া তিনি অনৈতিক প্রস্তাব, কুপ্রস্তাব এবং অশালীন ইঙ্গিত করতেন বলে অভিযোগ করা হয়েছে। এসব আচরণ সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিধিমালার বিধি ৩(গ) অনুযায়ী ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দাখিল এবং প্রজ্ঞাপন পাওয়ার ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ব্যক্তিগত শুনানি চান কি না, তাও নির্ধারিত সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।
এদিকে, প্রজ্ঞাপনে উল্লেখিত অভিযোগ ও বিভাগীয় মামলার বিষয়ে বক্তব্য জানতে ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

