| ২৪ July ২০২৬ Friday ১২:০২:২২ PM | |
নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে সন্তানকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংয়ের এক সদস্য।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার মানিক মিয়ার গ্যারেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন স্থানীয় কালাম কাজী (৩৭) ও তার ১৪ বছর বয়সী ছেলে তানভীর কাজী। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তানভীর এলাকার মসজিদের পাশে বসে থাকা অবস্থায় একই এলাকার মো. রাসেলের ছেলে ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মো. আসাদুল ইসলাম (১৭) তার কাছে টাকা ও মোবাইল ফোন দাবি করে। তানভীর তা দিতে অস্বীকৃতি জানালে তাকে পুকুরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে মারধর করা হয়। তানভীর ঘরে ফিরে বিষয়টি জানালে তার মা আসাদুলের বাড়িতে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।
ভুক্তভোগী কালাম কাজীর অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে আসাদুলকে উসকানি দেন তার মা। মায়ের উসকানিতে আসাদুল ঘর থেকে চাকু নিয়ে বের হয়ে পথিমধ্যে কালাম কাজীকে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে এ হামলার ঘটনা ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা আসাদুলের বসতঘরে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর অভিযুক্ত কিশোর আসাদুল পালিয়ে গেলেও তার মা আয়শা আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য আসাদুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

