
তেহরান, ২২ জুলাই – মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের মূল ডেটা অবকাঠামোয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের পাশাপাশি প্রতিবেশী কুয়েতের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারেও ধারাবাহিক হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজের প্রতিবেদনে আইআরজিসির জনসংযোগ শাখার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত অ্যামাজনের প্রধান ডেটা সেন্টারে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে।
এছাড়া দেশটির মুহাররাক ও রিফা এলাকায় মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশনগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে, মধ্যপ্রাচ্যের যেসব দেশ তাদের ভূমি বা অবকাঠামো মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহারের অনুমতি দেবে, তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে।
এদিকে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে যে, টানা চতুর্থ দিনের মতো তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কুয়েতি কর্তৃপক্ষ নাগরিকদের জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর তৎপরতা বন্ধ করতে টানা দশম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার ক্ষীণ সম্ভাবনা থাকলেও রণক্ষেত্রে প্রত্যক্ষ সামরিক সংঘাত ক্রমাগত তীব্র হয়ে উঠছে।
এস এম/ ২২ জুলাই ২০২৬




