
ঢাকা, ২০ জুলাই – সারা দেশের অধিকাংশ এলাকায় গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে রংপুর, সিলেট ও খুলনাসহ ছয়টি বিভাগে বৃষ্টির তীব্রতা ছিল অনেক বেশি। ঢাকা বিভাগে সারাদিন মাঝারি ধরনের ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই ধারা মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া দপ্তরের সন্ধ্যা ৬টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এর মধ্যে ডিমলায় সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
অন্যান্য অঞ্চলের মধ্যে মোংলায় ১০০ মিলিমিটার, চাঁদপুরে ৯৪ মিলিমিটার, সিলেটে ৮৪ মিলিমিটার, বরিশালে ৬৩ এবং রাজশাহীতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
এনএন/ ২০ জুলাই ২০২৬




