দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানালেন রাহুল গান্ধী – DesheBideshe

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানালেন রাহুল গান্ধী – DesheBideshe



দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানালেন রাহুল গান্ধী – DesheBideshe

নয়াদিল্লি, ২০ জুলাই – ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষার্থীরা নিজেদের অধিকারের দাবি তুলেছে এবং তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। এই ধরনের আচরণ ভারতের সংস্কৃতির পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। হাজার হাজার আন্দোলনকারী সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কোনো ভুল নেই। সরকার ও পুলিশের এই দমনপীড়ন অত্যন্ত ন্যক্কারজনক। একটি মর্যাদাশীল এবং কার্যকর শিক্ষাব্যবস্থা পাওয়া তরুণদের অধিকার। তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষই তরুণ এবং দিল্লির রাজপথে যারা নেমেছে তারা কোনো অপরাধী নয়।

এদিকে আন্দোলনকারী সংগঠন সিজেপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে যে এটি কি কোনো যুদ্ধক্ষেত্র? পুলিশ কেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা চালাচ্ছে?

উল্লেখ্য যে ভঙ্গুর শিক্ষাব্যবস্থা ও বেকারত্ব নিরসনের দাবিতে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে। অন্যদিকে পরিস্থিতির অবনতি ঘটলে নয়াদিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় পুলিশ।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, আরএসএস ভারতের শিক্ষাব্যবস্থাকে দখল করে নিয়েছে এবং একটি নির্দিষ্ট সংস্থা সব প্রতিষ্ঠান পরিচালনা করছে। তিনি প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বিকেলের দিকে সরকারের পক্ষ থেকে যোগাযোগের পর সিজেপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রী নাড্ডা জানান, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আন্দোলনকারীরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

এনএন/ ২০ জুলাই ২০২৬



Explore More Districts