বরিশালে উৎসবমুখর রথযাত্রা, নিরাপত্তায় বিএনপি-ছাত্রদল

বরিশালে উৎসবমুখর রথযাত্রা, নিরাপত্তায় বিএনপি-ছাত্রদল

১৭ July ২০২৬ Friday ৩:৪৮:৫৭ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে উৎসবমুখর রথযাত্রা, নিরাপত্তায় বিএনপি-ছাত্রদল

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে অংশ নেয়া হাজারো ভক্ত-অনুরাগীর মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণ থেকে রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবকে ঘিরে নগরীতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য রথযাত্রার শুরু থেকেই মাঠে থেকে সার্বিক তদারকি করেন তারা। 

একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলার দায়িত্ব সামলেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তীব্র গরমে ভক্তদের তৃষ্ণা মেটাতে তাদের পক্ষ থেকে দিনভর পানি বিতরণ কর্মসূচিও পরিচালনা করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকীম আবেদিন প্রিম বলেন, ‘কেন্দ্রীয় সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছি। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আমরা সর্বদা কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের এই সেবা ও তদারকি অব্যাহত থাকবে।’

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম বলেন, ‘ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে রাজপথে রয়েছে। রথযাত্রার মতো একটি বড় উৎসবে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় এবং ভক্তরা যেন শান্তিতে উৎসব পালন করতে পারেন, সেজন্য আমাদের নেতাকর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের শৃঙ্খলার কাজে যুক্ত ছিলেন।’

রথযাত্রায় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে পৃথক তিনটি সুসজ্জিত রথে বসিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। এ সময় হাজারো পুণ্যার্থী দড়ি টেনে রথ এগিয়ে নেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু জানান, শংকর মঠ থেকে যাত্রা শুরু করে রথগুলো নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানা মোড় ঘুরে নতুনবাজারের অমৃতাঙ্গনে গিয়ে শেষ হয়।

তিনি আরও জানান, আগামী শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts