ডিডিএন কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৮ – দৈনিক আজাদী

ডিডিএন কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৮ – দৈনিক আজাদী

নগরীতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে সিএমপি ও র‌্যাবের যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেবিড ইমন’ পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তার কাছে এককালীন দুই কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজার থানার মনুমিয়াজী লেনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা কর্মকর্তাকর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র, কাচের দরজাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া হামলাকারীরা অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে চকবাজার থানা।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় চকবাজার থানাসহ সিএমপির একাধিক টিম এবং র‌্যাবএর যৌথ অভিযানে মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকার মৃত সামশু মিয়া প্রকাশ সামশু সওদাগরের পুত্র মো. ইউনুস (৪১), পাঁচলাইশ থানাধীন মোমিনবাগ এলাকার মো. ইব্রাহীমের পুত্র ইমরান হোসেন চ্যাং (৩১), বাকলিয়ার বগারবিল এলাকার মো. ইউসুফ হোসেন সরকারের পুত্র আকবর হোসেন (২৪), সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ীর মো. জাহাঙ্গীর মিয়ার পুত্র মো. সুমন (২৭), বাকলিয়ার মাস্টারপুল বৌবাজার এলাকার আমির হোসেনের পুত্র মো. মনির প্রকাশ কেহেরমান (৩৮), চকবাজার থানাধীন বগারবিলের পোড়া কলোনী এলাকার মফিজ মিয়ার পুত্র মো. গিয়াস উদ্দিন (২১), বগারবিলের শান্তিনগর এলাকার মৃত বেনা মিয়া প্রকাশ টেনা মাঝির পুত্র মো. নয়ন (২০) এবং বাকলিয়ার পশ্চিম বাকলিয়া এলাকার মো. আবদুস সাত্তারের পুত্র মোহাম্মদ আবদুল নাহিদ প্রকাশ ফরহাদ (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের গতকাল আদালতে সোপর্দ করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউনুসের বিরুদ্ধে পাঁচটি, ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, আকবর হোসেনের বিরুদ্ধে ছয়টি, সুমনের বিরুদ্ধে ছয়টি, মনিরের বিরুদ্ধে সাতটি এবং নয়নের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চাঁদাবাজি, অস্ত্র, মাদক, মানবপাচার, ছিনতাই, চোরাচালান, ডাকাতি, চুরি ও মারামারির অভিযোগ রয়েছে। সিএমপি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Explore More Districts