উত্তেজনার মাঝেও ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান – DesheBideshe

উত্তেজনার মাঝেও ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান – DesheBideshe



উত্তেজনার মাঝেও ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান – DesheBideshe

তেহরান, ১৪ জুলাই – যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই গত চার সপ্তাহে ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি করেছে ইরান। সোমবার সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্যাকার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রপ্তানি করা এই জ্বালানির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। সংস্থাটি জানিয়েছে, ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল এখনো রপ্তানির অপেক্ষায় রয়েছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর অবরোধ ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার আগমুহূর্তে ইরানের প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল জাহাজীকরণের অপেক্ষায় ছিল।

এছাড়া ইরান যদি ভবিষ্যতে তেল উৎপাদন কমাতে বাধ্য হয়, তবে অবরোধ এলাকার মধ্যেই তাদের প্রায় ৬০ মিলিয়ন ব্যারেল তেল ভাসমান অবস্থায় মজুদ রাখার সক্ষমতা রয়েছে। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আবারও ভয়াবহ রূপ নিয়েছে।

সোমবার উভয় দেশ একে অপরের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে ইরানের বন্দরগুলোতে পুনরায় কঠোর নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য যে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত নিরসনে গত এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

তবে গত সপ্তাহে হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলার ঘটনার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। গত রবিবার রাত থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় ইরানের অন্তত তিনজন নিহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান।

এস এম/ ১৪ জুলাই ২০২৬



Explore More Districts