| ১৪ July ২০২৬ Tuesday ৬:১৯:৪২ PM | |
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ভয়াবহ আগুনে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ লেমুয়া বাজারের ২-৩টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখেন নৈশ প্রহরি। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। এরপর পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিটের সমন্বয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একে একে পুড়ে মুদি মনহরী, ফার্মেসি ও চায়ের দোকানসহ ৩০টি ছোট-বড় দোকান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা দেখে পার্শ্ববর্তী মঠবাড়িয়া ও বামনা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেয়া হয়। পরে তিনটি ইউনিটের সমন্বয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে আমাদের তদন্ত চলমান রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
