মাদকমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে একযোগে কাজ করছে পুলিশ। এ কার্যক্রমকে আরও সফল করতে নাগরিক, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) দৈনিকসিলেটডটকম-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সকল অপরাধের মূলেই রয়েছে মাদক। তাই মাদক নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, সিলেট থেকে মাদকের শিকড় উপড়ে ফেলা।”
তিনি জানান, শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা সৃষ্টি করেও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ১২ জুলাই থেকে এসএমপির উদ্যোগে সচেতনতামূলক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ শুরু হয়েছে। পর্যায়ক্রমে মহানগর এলাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পুলিশ কমিশনার বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মাদক কারবারিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। মাদকের গডফাদার যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সর্বশেষ জুন মাসের পরিসংখ্যানে চুরি, ডাকাতি এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধের ঘটনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এ ধারা ধরে রাখতে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
নগরীর যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযানও চলমান থাকবে বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘদিন ধরে নগরীতে হকার ও অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানের ফলে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। নগরবাসীর একটি বড় অংশ মনে করছেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে গৃহীত উদ্যোগগুলো ইতোমধ্যেই আশাব্যঞ্জক ফল দিতে শুরু করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল সিলেট গড়ে তোলার লক্ষ্যে এসএমপির চলমান কার্যক্রমে জনসম্পৃক্ততাই সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, “পুলিশ একা নয়, জনগণকে সঙ্গে নিয়েই অপরাধমুক্ত ও মাদকমুক্ত সিলেট গড়ে তুলতে চাই। সবার সম্মিলিত সহযোগিতাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।”
