মরক্কো এবারের বিশ্বকাপটা শুরু করেছিল ব্রাজিলের মতো দলের সঙ্গে ১–১ গোলের ড্র দিয়ে। দলটি সেভাবে লো-ব্লকে না খেললেও এই কৌশলে তারা বেশ দক্ষ। ফ্রান্সের ফুল-ব্যাকরা যখন ওপরে উঠে খেলবেন, তখন মরক্কো যদি লো-ব্লক থেকে দ্রুত প্রতি আক্রমণে যায়, তাহলে বড় সুযোগ তৈরি হতে পারে ফ্রান্সের রক্ষণে। তবে মরক্কোর জন্য বড় দুশ্চিন্তা ইসমায়েল সাইবারির হ্যামস্ট্রিং ইনজুরি, তিনি খেলতে না পারলে মরক্কোর বিল্ডআপ প্লে-তে সমস্যা হতে পারে।
ফ্রান্স শিবিরে মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনির চোট আছে। তাঁর জায়গায় যিনি খেলবেন, তিনি চুয়ামেনির মতো রক্ষণাত্মক সুরক্ষা দিতে পারবেন কি না, তা নিয়ে আমার সংশয় আছে। মরক্কো সাধারণত রক্ষণে থাকে নিখুঁত ৪-৫-১ ব্লকে। সব মিলিয়ে জয়ের সম্ভাবনায় আমি ফ্রান্সকে ৫৫-৪৫ শতাংশে এগিয়ে রাখব।
তার মানে আমি ফ্রান্সের সেমিফাইনাল খেলার সম্ভাবনাই বেশি দেখছি। অন্য তিন সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে এখনই অনুমান করা কঠিন, তবে ঝুঁকি থাকলেও আমি তিনটি নাম বলব—স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ধারে–ভারে এই তিন দলই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে। মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে স্পেন বলুন, ইংল্যান্ড বলুন বা আর্জেন্টিনা…তিন দলই শেষ চারে যেতে পারে।

