সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই জোড়া বিস্ফোরণ, আহত ১৮ – DesheBideshe

সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই জোড়া বিস্ফোরণ, আহত ১৮ – DesheBideshe



সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই জোড়া বিস্ফোরণ, আহত ১৮ – DesheBideshe

দামেস্ক, ৭ জুলাই – সিরিয়া সফরেরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের নিকটবর্তী এলাকায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী দামেস্কে সংঘটিত এই হামলায় অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায় যে মঙ্গলবার পৃথক দুটি স্থানে এই বিস্ফোরণগুলো ঘটে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও চিত্রে বিস্ফোরণস্থলের আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং একটি পুড়ন্ত গাড়ি দেখা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে যে বিস্ফোরণগুলো সিরিয়ার পর্যটন মন্ত্রণালয় ও সেই হোটেলের কাছে ঘটেছে যেখানে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অবস্থানের কথা ছিল। ঘটনার সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং তার নির্ধারিত সরকারি সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে বিস্ফোরণগুলো প্রেসিডেন্টের জন্য নির্ধারিত নিরাপত্তা বলয়ের বাইরে ঘটেছে।

ফলে তার সরাসরি নিরাপত্তা বিঘ্নিত হয়নি। প্রাথমিক তদন্ত অনুযায়ী এই হামলায় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করা হয়েছে। একটি বোমা সড়কের পাশে রাখা গাড়িতে এবং অন্যটি একটি ময়লার পাত্রে লুকানো ছিল। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো ইউরোপীয় নেতা হিসেবে ম্যাক্রোঁ সিরিয়া সফরে এলেন।

এই কঠোর নিরাপত্তার মধ্যে হামলার ঘটনাটি সিরিয়ার বর্তমান সংবেদনশীল নিরাপত্তা পরিস্থিতিকে আবারও সামনে নিয়ে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলার উদ্দেশ্য হতে পারে সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করা এবং আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা দেওয়া। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

এস এম/ ৭ জুলাই ২০২৬



Explore More Districts