ইসরায়েলের শক্তিশালী বন্ধু শুধু যুক্তরাষ্ট্র নয় ভারতও জানালেন নেতানিয়াহু – DesheBideshe

ইসরায়েলের শক্তিশালী বন্ধু শুধু যুক্তরাষ্ট্র নয় ভারতও জানালেন নেতানিয়াহু – DesheBideshe



ইসরায়েলের শক্তিশালী বন্ধু শুধু যুক্তরাষ্ট্র নয় ভারতও জানালেন নেতানিয়াহু – DesheBideshe

তেল আবিব, ৭ জুলাই – ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু কেবল যুক্তরাষ্ট্র, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভারতকে ইসরায়েলের অন্যতম বৃহৎ সমর্থক ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ভারতে ইসরায়েলের অভাবনীয় সমর্থন রয়েছে। তিনি জানান, তাদের আরও কিছু বন্ধু দেশ আছে যেমন ভারত। সেখানে প্রায় ১৪০ কোটি মানুষ বাস করে এবং তাদের কাছ থেকে ইসরায়েল ব্যাপক সমর্থন পাচ্ছে।

গাজা, ইরান ও লেবানন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সমালোচনার মুখে থাকা এই ইসরায়েলি নেতা ভারতের এই সমর্থনকে বড় শক্তি হিসেবে দেখছেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে সম্মান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পকে হোয়াইট হাউজের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলে আখ্যা দেন। তবে ভ্যান্সের সব বক্তব্যের সঙ্গে তিনি একমত নন বলে স্পষ্ট জানিয়ে দেন।

এর কয়েক সপ্তাহ আগে ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন যেন তারা তাদের একমাত্র শক্তিশালী মিত্রের সঙ্গে ঝামেলা না বাড়ায়। নেতানিয়াহু দাবি করেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভারতীয়দের কাছ থেকে বিপুল সমর্থন পাচ্ছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী কনটেন্ট ছড়ানোটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। তবে অনেক দেশের নেতারা প্রকাশ্যে সমালোচনা করলেও গোপনে তাকে ফোন করেন বলে দাবি করেন নেতানিয়াহু।

তার ভাষায়, তারা ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে চান অথবা তাদের সামরিক বাহিনীর রণকৌশল শিখতে চান। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্পর্কগুলো বাইরে থেকে যেমন দেখায় বাস্তবে তেমন নয় এবং তাদের অনেক বন্ধু রাষ্ট্র রয়েছে।

হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে জে ডি ভ্যান্সের দেওয়া ওই বক্তব্য মূলত মার্কিন ও ইসরায়েল সম্পর্কের নতুন মোড় নির্দেশ করছে। গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সইয়ের পক্ষে সাফাই গেয়ে ভ্যান্স বলেছিলেন, তিনি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকলে পৃথিবীর বুকে অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতেন না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ওই সমঝোতা স্মারকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিধান থাকলেও ইসরায়েল তা মানছে না।

এরপর রোববার লেবানন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননের কিছু খ্রিষ্টান গ্রাম হিজবুল্লাহর হাত থেকে সুরক্ষার জন্য ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে।

এনএন/ ৭ জুলাই ২০২৬



Explore More Districts