
ঢাকা, ৬ জুলাই – ঢাকার গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা এবং পানিদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। মূলত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়োনিষ্কাশন সংযোগ যাচাই এবং লেক দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় লেকের বর্জ্য অপসারণ ও পানিদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কাজের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় জানানো হয়, লেক দূষণমুক্ত করতে এরই মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যেসব ভবনের পয়োবর্জ্য সরাসরি লেকে পড়ছে, তা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া সভায় গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি স্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং বর্জ্য অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কড়াইল বস্তির বর্জ্য যেন সরাসরি লেকে না পড়ে, সে বিষয়ে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়।
গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং রাজউক চেয়ারম্যান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
এনএন/ ৬ জুলাই ২০২৬




