উদ্যোক্তারা জানান, তুরস্কের বিখ্যাত চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেগাসানের আন্তর্জাতিক মান ও কারিগরি সক্ষমতাকে কাজে লাগিয়ে এই কারখানা গড়ে তোলা হয়েছে। প্রকল্পটিতে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে এই বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা আছে।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৭ সাল থেকে মেগাসানের তৈরি বিভিন্ন জীবন রক্ষাকারী সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এই শিল্পপ্রতিষ্ঠানে হাসপাতালের জন্য প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম তৈরি ও সংযোজন করা হবে। যার মধ্যে উল্লেখযোগ্য সরঞ্জাম হচ্ছে মেডিক্যাল গ্যাস সরবরাহ ও পাইপলাইন ব্যবস্থা, নিয়ন্ত্রণ ও সংযোগ ইউনিট, অক্সিজেন ও ভ্যাকুয়াম প্ল্যান্ট, বেড হেড প্যানেল ও পেন্ডেন্ট সিস্টেম এবং আধুনিক সতর্কীকরণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা।


