ইউরোপে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু – DesheBideshe

ইউরোপে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু – DesheBideshe



ইউরোপে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু – DesheBideshe

ব্রাসেল্‌স, ৪ জুলাই – গত জুন মাসে ইউরোপজুড়ে বয়ে যাওয়া আট দিনের তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে এই অসহনীয় তাপপ্রবাহ স্থায়ী হয়।

আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই চরম বৈরী আবহাওয়ায় ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই সময়ে বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যাহত হয় এবং অনেক স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও দেখা দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল যা স্বাস্থ্যব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যারা মারা গেছেন তাদের অধিকাংশ আগে থেকেই কোনো না কোনো শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাপপ্রবাহের কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত মৃত্যুর বড় অংশটি রেকর্ড করা হয়েছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট এক ভাষণে জানান ফ্রান্সে ২ হাজার ২৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের সংখ্যা বেশি। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

এদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে ১ হাজার ২০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে বড় একটি অংশ ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক। দেশটির মন্ত্রণালয় একে গ্রীষ্মকালীন সময়ের ইতিহাসে এক অভূতপূর্ব এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে অভিহিত করেছে।

এছাড়া নেদারল্যান্ডসে আট দিনের এই তাপপ্রবাহে ৪৮০ জনের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশেরই বয়স ৮০ বছরের বেশি।

এনএন/ ৪ জুলাই ২০২৬



Explore More Districts