
টেক্সাস, ৪ জুলাই – বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে মিসর। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই লড়াইয়ে সকারুজদের ৪-২ ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহামেদ সালাহর দল।
এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে মিসর সরাসরি নকআউট পর্বে খেলেছিল, তবে সেখানে হাঙ্গেরির কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল তাদের। দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠে এবার নতুন মাইলফলক স্পর্শ করল দেশটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মিসর। খেলার ১৩ মিনিটে ইমান আশুরের চমৎকার হেডে এগিয়ে যায় তারা। তবে ৫৫ মিনিটে একটি আত্মঘাতী গোলের কারণে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।
মিসরের মোহাম্মদ হানির ভুলে পাওয়া এই গোলের পর ম্যাচে আর কোনো গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে অস্ট্রেলিয়ার হ্যারি শুটার এবং লুকাস হেরিংটন গোল করতে ব্যর্থ হলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিসর। অন্যদিকে মিসরের পক্ষে মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহামেদ সালাহ এবং আবদেল মাজিদ প্রত্যেকেই লক্ষ্যভেদে সফল হন। ফলে পঞ্চম শট নেওয়ার আগেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মিসরের।
লিভারপুল কিংবদন্তি মোহামেদ সালাহ চোট কাটিয়ে ফিরে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং টাইব্রেকারে একটি দর্শনীয় চিপ শটে গোল করেন।
আগামী ৭ জুলাই আটালান্টার মাঠে শেষ ষোলোর লড়াইয়ে নামবে মিসর। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দে। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি মহাদেশীয় গৌরবের নতুন অধ্যায় শুরু করল সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে অস্ট্রেলিয়ার নকআউট পর্বে প্রথম জয়ের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো।
এনএন/ ৪ জুলাই ২০২৬




