চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সমপ্রদায়ের দুই শিক্ষার্থী ধর্মীয় বিধান অনুসরণ করে শনিবার (৪ জুলাই) রাতে পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষা বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় সূর্যাস্তের পর তাদের পরীক্ষা নেওয়া হবে। একই ধরনের ব্যবস্থায় এবার সারাদেশে মোট ১৬০ জন পরীক্ষার্থী শনিবারের পরীক্ষাগুলোতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে মোট ছয়টি শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ১১ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আবশ্যিক), ১৮ জুলাই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ২৫ জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র এবং ১ ও ৮ আগস্ট বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশেষ ব্যবস্থার আওতায় থাকা দুই পরীক্ষার্থীর একজন চট্টগ্রাম নগরের হালিশহর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী এঞ্জেলি সুয়ারি ত্রিপুরা। অপর শিক্ষার্থী বান্দরবান জেলার একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শনিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে ওই দুই পরীক্ষার্থীকে। এরপর তারা কেন্দ্রের নির্ধারিত একটি কক্ষে অবস্থান করবেন। প্রবেশপত্র ছাড়া তাদের কাছে অন্য কোনো সামগ্রী রাখা যাবে না। তারা কক্ষের বাইরে যেতে বা কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। সার্বক্ষণিক একজন পরিদর্শক দায়িত্বে থাকবেন। তবে সঙ্গে শুকনো খাবার নেওয়ার অনুমতি থাকবে।
সূর্যাস্তের পর সন্ধ্যায় তাদের উত্তরপত্র বিতরণ করা হবে এবং পরীক্ষা শুরু হবে। রাত ১০টায় পরীক্ষা শেষ হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে প্রবেশের পর তারা পৃথক কক্ষে অবস্থান করবেন। সূর্যাস্তের পর তাদের পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষাবর্ষের সময়সূচি ঠিক রাখতে এবার শনিবারও পরীক্ষা রাখা হয়েছে, যাতে পরবর্তী সেশনের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই আয়োজন করা সম্ভব হয়।
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সমপ্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শনিবার সূর্যাস্তের আগে লেখালেখিসহ কিছু কাজ থেকে বিরত থাকেন তাদের অনুসারীরা। এ কারণেই শিক্ষা বোর্ডের বিশেষ ব্যবস্থায় শনিবারের পরীক্ষাগুলোতে তারা সূর্যাস্তের পর রাতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।