দেশ-বিদেশের গবেষকদের মিলনমেলা বসছে যবিপ্রবিতে

দেশ-বিদেশের গবেষকদের মিলনমেলা বসছে যবিপ্রবিতে

just logo

প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (RAAICON 2026) সম্মেলন।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে এবং অনলাইন—উভয় মাধ্যমে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশ নেবেন। সম্মেলনটির যৌথ আয়োজন করছে আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (RAS) বাংলাদেশ চ্যাপ্টার।

আয়োজকরা জানান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), অটোমেশন এবং সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এ সম্মেলন।

সম্মেলনে রোবট নকশা ও গতিবিদ্যা, মেশিন লার্নিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত যানবাহন, বায়ো-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয় নিয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে। নির্বাচিত গবেষণাপত্রগুলো IEEE Xplore Digital Library-এ প্রকাশের জন্য বিবেচনা করা হবে।

সম্মেলনের কনফারেন্স চেয়ার এবং যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আইইইই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, নতুন গবেষণার আদান-প্রদান এবং সর্বাধুনিক প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ জুলাই ২০২৬। গৃহীত গবেষণাপত্রের তালিকা প্রকাশ করা হবে ১৮ আগস্ট, আর চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমা এবং লেখক নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬।

Explore More Districts