যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামে চাচাতো বোনের আত্মহত্যার খবর শুনে তার শ্বশুরবাড়িতে দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই ব্যক্তি। বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আসলাম (৩৫) এবং সিদ্দিক মিয়ার ছেলে সোহেল রানা (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে গোপালপুর গ্রামের টিপুর স্ত্রী রিমা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চাচাতো ভাই আসলাম ও সোহেল রানা রিমার শ্বশুরবাড়িতে তাকে দেখতে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাদের মারধর করলে তারা আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।


