চলচ্চিত্র নির্মাতাদের জন্য সাইমন অ্যান্ড শুস্টারের ৬ হাজার বই উন্মুক্ত

চলচ্চিত্র নির্মাতাদের জন্য সাইমন অ্যান্ড শুস্টারের ৬ হাজার বই উন্মুক্ত

জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার তাদের ছয় হাজারের বেশি বই চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি হলিউডভিত্তিক প্ল্যাটফর্ম ব্ল্যাক লিস্টের সঙ্গে নতুন একটি অংশীদারত্ব চুক্তি করেছে।

এ উদ্যোগের ফলে ব্ল্যাক লিস্টের অনলাইন ডেটাবেজে সাইমন অ্যান্ড শুস্টারের হাজারো বইয়ের তথ্য যুক্ত হবে। নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকারেরা সহজেই বইগুলো খুঁজে দেখে সেগুলো থেকে চলচ্চিত্র বা টিভি সিরিজ নির্মাণের সম্ভাবনা যাচাই করতে পারবেন।

২০০৫ সালে যাত্রা শুরু করা ব্ল্যাক লিস্ট বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় গল্প ও চিত্রনাট্য খোঁজার প্ল্যাটফর্ম। এখানে সাত হাজারের বেশি চলচ্চিত্র ও টেলিভিশন-সংশ্লিষ্ট পেশাজীবী নিবন্ধিত আছেন।

নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীরা বইয়ের নাম, লেখক, ধরন ও অন্যান্য তথ্য দিয়ে খুঁজতে পারবেন। পাশাপাশি বইয়ের প্রচ্ছদ, প্রকাশনা–সংক্রান্ত তথ্য এবং সংক্ষিপ্ত পরিচিতিও দেখতে পারবেন।

Explore More Districts