| ২৮ June ২০২৬ Sunday ৩:৪৯:৫৮ PM | |
বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনার দক্ষিণ আমতলী গ্রামে পুকুরের পানিতে ডুবে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবায়দুল (৯) ও তার আপন মামা হাফেজ তালিমুল ইসলাম (২১)। দুজনের মধ্যে তালিমুল পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভাগনে ওবায়দুলকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান মামা তালিমুল ইসলাম। সাঁতার কাটার একপর্যায়ে পুকুরের গভীরতা বেশি হওয়ায় হঠাৎ ওবায়দুল পানিতে তলিয়ে যেতে থাকে।চোখের সামনে ভাগনেকে ডুবতে দেখে তাকে বাঁচাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেন মামা তালিমুল। কিন্তু ভাগনেকে টেনে তুলতে গিয়ে একপর্যায়ে তিনিও পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা জানান, তাদের দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে এবং পুকুরঘাটে জামাকাপড় পড়ে থাকতে দেখে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তুহিন হাওলাদার পরীক্ষা-নিরীক্ষা শেষে উভয়কেই মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানা একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

