যশোরে চুরির আট মাস পর মামলা, আটক ১

যশোরে চুরির আট মাস পর মামলা, আটক ১

jessore atok map

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামের এক কৃষকের বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির ঘটনায় প্রায় আট মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় নামীয় আসামি কামরুল শেখকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামলার বাদী করিচিয়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম জানান, গত বছরের ১৮ অক্টোবর তিনি ছোট মেয়েকে নিয়ে সাতক্ষীরায় যান। ২০ অক্টোবর ভোরে স্ত্রী রত্না বেগম ফোনে জানান, তাদের বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা প্রধান ফটক খুলে আলমারি থেকে নগদ সাত হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১০ লাখ টাকা) এবং একটি রিয়েলমি নোট ৫০ মডেলের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, একই গ্রামের কামরুল শেখ, আসিফ খন্দকার ও অজ্ঞাত ৩-৪ জন এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তারা এলাকায় আত্মগোপনে ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে কামরুল শেখের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে শনিবার সকালে তাকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Explore More Districts